পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১ বিজিবি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে পার্শবর্তী রাষ্ট্র ভারতের সীমান্ত সংলগ্ন এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) দুপুরের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অন্তর্গত ভারতপুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ১১৬৮/৪-এস হতে প্রায় আড়াইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতপুর নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় তিন বোতল ভারতীয় 'কিংফিশার' ব্র্যান্ডের মদ এবং ৮০ পিস 'ট্যাপেন্টাডল' ট্যাবলেট উদ্ধার করে টহল দলটি।
নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করেছেন তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮