পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর এলাকায় দরিদ্র পরিবারের নিরাপদ পানির চাহিদা পূরণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতি।
সমিতির সদস্যদের মধ্যে পর্যায়ক্রমে ৬০টি গভীর নলকূপ বিতরণ করা হবে, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ৬ জন সদস্যের মধ্যে নলকূপ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সমিতির কার্যালয়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান নজরুল ইসলাম সাগর। সমিতির ম্যানেজার তাজু বেগমের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রোমমান আরা, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, সিনিয়র সাংবাদিক ফখরুল আলম খসরু এবং কাজল তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ পানির অভাব গ্রামীণ জনজীবনে দীর্ঘদিনের একটি বড় সমস্যা। বিশেষ করে দরিদ্র পরিবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় সমিতির এমন উদ্যোগ স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা গেছে, সমিতির সদস্যরা নামমাত্র ১০ হাজার ৫০০ টাকা জমা দিয়ে এই সুবিধা গ্রহণ করছেন, যা তাদের জন্য সহজলভ্য করা হয়েছে। ফলে স্বল্প আয়ের মানুষও এখন নিজ বাড়ির কাছেই নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন।
স্থানীয়রা জানান, গভীর নলকূপ স্থাপনের ফলে পানিবাহিত রোগের ঝুঁকি কমবে এবং পরিবারগুলোর দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে কলমাকান্দার প্রত্যন্ত অঞ্চলেও নিরাপদ পানির নিশ্চয়তা নিশ্চিত করা সম্ভব হবে এবং একটি সুস্থ-সবল সমাজ গড়ে উঠবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮