বিজয় চৌধুরী, ঢাকা,
ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে (নিটার) নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা, ব্যক্তিগত ব্র্যান্ডিং ও পেশাগত নেটওয়ার্কিংয়ে দক্ষ করে তুলতে ব্যতিক্রমী ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। নিটার বিজনেস অ্যান্ড ইনোভেশন ক্লাবের (এনবিআইসি) উদ্যোগে ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের একাডেমিক জীবনের পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা, পেশাগত যোগাযোগ তৈরি এবং নিজেকে উপস্থাপনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি লিংকডইনে কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার গুরুত্ব ও এর ব্যবহারিক দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিংকডইন কমিউনিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. আলতাফ হোসেন রাজু এবং সংগঠনটির উপব্যবস্থাপক (ট্রেনিং ও ডেভেলপমেন্ট) হুমায়ূন রশিদ।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের জারিফ আহমেদ প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে আসফাক অর্ণব ও ইমতিয়াজ উদ্দিন খান।
আলোচনা পর্বে লিংকডইন নেটওয়ার্কিং নিয়ে বিশেষ সেশন পরিচালনা করেন মো. আলতাফ হোসেন রাজু। নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি শিক্ষার্থীদের পেশাগত জীবনে নেটওয়ার্কিংয়ের গুরুত্ব সম্পর্কে ধারণা দেন। তিনি জানান, নিটারে অনুষ্ঠিত এ সেশনটি তাঁর ২৩৩তম সেশন। বর্তমানে লিংকডইন কমিউনিটি বাংলাদেশের সঙ্গে প্রায় ৫২ হাজার অনুসারী যুক্ত রয়েছেন।
নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনে পাওয়া সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানান। তাঁর ভাষায়, “বিশ্ববিদ্যালয়ে যে সুযোগগুলো আসে, সেগুলোকে ধরে নেওয়ার চেষ্টা করতে হবে। এই সুযোগ ও সময় কখনোই আর ফিরে পাওয়া যায় না।”
পরে লিংকডইন কমিউনিটি বাংলাদেশের উপব্যবস্থাপক (ট্রেনিং ও ডেভেলপমেন্ট) হুমায়ূন রশিদ ব্যক্তিগত পরিচিতি তৈরি, নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকতে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই কীভাবে নিজেকে প্রস্তুত করা যায়, সে বিষয়েও শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এনবিআইসির কো-মডারেটর রেজাউল ইসলাম লিংকডইন ব্যবহার করে নিজের পেশাগত জীবনে পাওয়া অভিজ্ঞতা ও সুযোগের কথা তুলে ধরেন। পরে অতিথিদের সম্মাননা প্রদান, কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮