নুর মোহাম্মদ, কক্সবাজার,
দ্বীনি শিক্ষায় শিক্ষিত নারী-পুরুষের সমন্বিত প্রয়াসেই গড়ে উঠতে পারে সুন্দর ও আলোকিত সমাজ। মহিলাদের মধ্যে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে রামু পশ্চিম রাজারকুলের মারকাযুল উলুম আল-ইসলামিয়া (মহিলা) মাদ্রাসার ভূমিকা অত্যন্ত আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ তাজ।
বুধবার (১১ নভেম্বর) বাদ মাগরিব মাদ্রাসার শিক্ষার্থীদের হিফজুল কুরআন সমাপন ও সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মহিলাদের জন্য উন্নত পাঠদান ও নৈতিক চরিত্র গঠনে প্রতিষ্ঠানটি প্রশংসনীয় ভূমিকা রাখছে। এ মাদ্রাসার মাধ্যমে এতদঞ্চলের নারীরা দ্বীনি শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন। প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতার আহ্বান জানান তিনি।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সিরাজুল মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজারকুল আসমা ছিদ্দিকা (রা.) মাদরাসার পরিচালক মাওলানা জায়নুল আবেদীন, রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, উমখালী তাজবিদুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা নূরুল ইসলাম রাহী।
উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল খালেক, ছিদ্দিকের দোকান স্টেশন জামে মসজিদের খতীব মাওলানা ছৈয়দ আলম, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আব্দুস সামাদ, শিক্ষানুরাগী হাফেজ উসমান গণি, রাজারকুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বুরহান উদ্দিন রব্বানি, সংরক্ষিত মহিলা সদস্য রেশমি সুলতানা কলি, এলাকার মুরুব্বি জমির আহমদ, ইউনুস সওদাগরসহ বিভিন্ন মাদ্রাসার পরিচালক, আলেম-ওলামা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, নিরাপদ আবাসন, আরবি-বাংলা-ইংরেজি শিক্ষার সমন্বয় এবং হিফজ ও কিতাব বিভাগের সুশৃঙ্খল পাঠদানের মাধ্যমে মাদ্রাসাটি শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে দক্ষিণ মিঠাছড়ি ও চাকমারকুল ইউনিয়নের মিলনকেন্দ্রে বাঁকখালী নদীর দক্ষিণ তীরে মনোরম পরিবেশে ২০২২ সালের ২০ ডিসেম্বর মাদ্রাসাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮