আন্তর্জাতিক ডেস্ক,
ভারতের বিহারের জামুইয়ে কোচিং থেকে ফেরার পথে দশম শ্রেণির এক নাবালিকা ও তার সহপাঠীকে আটকে মারধর ও যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় জামুইয়ের মাদওয়া পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কোচিং শেষে স্কুটারে করে ফেরার সময় একদল যুবক দুই সহপাঠীর পথ আটকায়। ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের মারধর ও নাবালিকার সঙ্গে অশালীন আচরণের দৃশ্য দেখা যায়।
ভিডিও ছড়িয়ে পড়ার পর তদন্তে নামে জামুই পুলিশ। ইতোমধ্যে তিন নাবালককে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও বিশ্লেষণ করে আরও কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ঘটনায় শিশু যৌন অপরাধ প্রতিরোধ আইনে মামলা হয়েছে। উপবিভাগীয় পুলিশ কর্মকর্তার নেতৃত্বে বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে।
এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ঘটনাটিকে ভয়াবহ উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নাবালকদের পরিচয় প্রকাশ করে ভিডিও ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ইতোমধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সের একাধিক অ্যাকাউন্ট থেকে ভিডিও সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮