এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘বিসিক চাকরি মেলা ২০২৬’। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চাষাড়ায় বিকেএমইএ ভবনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আঞ্চলিক কার্যালয়, ঢাকার আয়োজনে এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদীর ৪৩টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে। মেলা থেকে গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালসসহ বিভিন্ন খাতে প্রায় ৬৫০ জনকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে বিসিক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ (টিটো)। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। সভাপতিত্ব করেন বিসিক ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মানছুরুল করিম (আলম)।
বিসিক চেয়ারম্যান বলেন, চাকরিপ্রার্থী ও চাকরিদাতাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতেই প্রথমবারের মতো এ চাকরি মেলার আয়োজন করা হয়েছে। তিনি চাকরি খোঁজার পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরির আহ্বান জানান।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শিল্প খাতে দক্ষ জনবলের চাহিদা পূরণ এবং বেকার যুবকদের কর্মসংস্থানে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলার প্রথম দিনেই চাকরিপ্রত্যাশী যুবক-যুবতীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সরাসরি ও সুপারিশহীন প্রক্রিয়ায় চাকরির সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮