এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় নকল টিকা কার্ড তৈরি করে প্রতারণার অভিযোগে এক নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. ফয়েজ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আফরোজা বেগম উত্তর চাষাড়া রামবাবু পুকুরপাড় এলাকার বাসিন্দা। তিনি মৃত আমিনুল হোসেনের কন্যা। এর আগে তল্লা নতুন বাড়ি পুড়া মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে নকল টিকা কার্ড, হাম ও হেপাটাইটিস বি ভাইরাসের টিকা, সিরিঞ্জ এবং ওজন মাপার মেশিন জব্দ করা হয়।
প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে আফরোজা বেগম ভুয়া টিকা কার্ড তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি বিভিন্ন এলাকায় সহজ-সরল মানুষের কাছে অনুমোদনহীন টিকা প্রদান করে অর্থ হাতিয়ে নিতেন।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন জানান, ভুয়া টিকা কার্ড তৈরি করে প্রতারণার দায়ে দণ্ডবিধি আইন ১৮৬০-এর ২৬৯ ধারায় তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮