এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর থানাধীন এলাকায় অবস্থিত দুটি প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত আমরা পাড়া এলাকায় অবস্থিত মিতু ক্লিনিক এবং নবাব সলিমুল্লাহ রোডে অবস্থিত পপুলার মেডিকেল সার্ভিসে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম। অভিযানে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা প্রদান, অতিরিক্ত সেবা মূল্য আদায়, পর্যাপ্ত ডাক্তার ও টেকনিশিয়ানের অভাবসহ জীবনঝুঁকিপূর্ণ কার্যক্রম পরিচালনার অভিযোগে মিতু ক্লিনিককে ১ লাখ ৫ হাজার টাকা এবং পপুলার মেডিকেল সার্ভিসেসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা খাতে অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮