এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্মৃতিস্তম্ভের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুর ১টা ৪০ মিনিটে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা, শহিদ পরিবারের সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা এ স্মারকলিপি দেন।
এ সময় কেন্দ্রীয় নেতা নিরব রায়হান, জাবেদ আলম ও মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জে নির্মিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভটি দেশের প্রথম স্থাপিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ। এটি নির্মাণের পর থেকেই স্মৃতিস্তম্ভটির নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে বারবার দাবি জানানো হলেও সে বিষয়ে দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।
বক্তারা অভিযোগ করেন, গত ২১ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা জুলাই আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি চরম অবমাননা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে স্মৃতিস্তম্ভের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮