এস এম রনি, স্টাফ রিপোর্টার,
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক শোভাযাত্রা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় দুর্ঘটনামুক্ত ও নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনউদ্দীন আহমদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক নিরব রায়হান, বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব আলম এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মেহেদী হাসান। এ ছাড়া পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি, নিরাপদ সড়ক-সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধি ও কমিটির সদস্যসহ প্রায় ১০০ থেকে ১২০ জন অংশ নেন।
সকাল ৯টা ৫০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টা ২৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে পরিবহন মালিক, চালক, শ্রমিক ও সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। চালকদের উদ্দেশে তাঁরা বলেন, নিজের পেশার প্রতি দায়িত্বশীল হতে হবে। কারণ, একজন চালকের ওপর অনেক মানুষের জীবন নির্ভরশীল। একটি দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্নার কারণ হতে পারে। তাই ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর বিকল্প নেই।
অনুষ্ঠানে দুর্ঘটনা ঘটাননি এবং ধূমপান করেন না—এমন চারজন সেরা চালককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ ছাড়া দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
উল্লেখ্য, জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ গত ২২ অক্টোবর উদযাপনের কথা থাকলেও সরকারি ছুটির কারণে তা ২৮ অক্টোবর পালন করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮