এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে ভোরবেলা এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) কাছ থেকে পিস্তল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
জানা গেছে, রবিবার (৯ মার্চ) ভোর ৬টার দিকে সদর মডেল থানার আওতাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই লুৎফর রহমানের কাছ থেকে তার ব্যবহৃত সরকারি পিস্তল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
পুলিশ সূত্রে জানা যায়, এএসআই লুৎফর রহমান ও তার সঙ্গে থাকা কনস্টেবল মতিউর রহমান এবং ফয়সাল হোসেন রাতের ফুট পেট্রোল ডিউটিতে শহরের মন্ডলপাড়া ব্রিজ এলাকায় অবস্থান করছিলেন। ডিউটির এক পর্যায়ে এএসআই লুৎফর রহমান ওয়াশরুমে যাওয়ার কথা বলে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে নগর ভবনের সামনে গেলে অপর একটি মোটরসাইকেলে থাকা অজ্ঞাত তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে।
এসময় দুর্বৃত্তদের একজন দেশীয় অস্ত্র চাপাতি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে। তবে আঘাতটি তার শরীরে না লেগে মোটরসাইকেলের সামনে লাগে। পরে অপর দুই ছিনতাইকারী তার কোমরে থাকা পিস্তল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পরপরই ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮