ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মচারীরা নবম গ্রেড পে-স্কেল বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও ‘প্রহসনমূলক আচরণের’ প্রতিবাদে মানববন্ধন আয়োজন করেছে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ১১ থেকে ২০ গ্রেডভুক্ত সব কর্মচারী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, বহুদিন ধরে দাবি জানানো সত্ত্বেও নবম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। তারা ১৫ ডিসেম্বরের মধ্যে বৈষম্য দূর করে নবম গ্রেড কার্যকর করার জন্য সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত দাবি করেন।
জাতীয়তাবাদী আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ও ইবি জিয়া পরিষদের সদস্য আমিনুল ইসলাম বলেন, “ফ্যাসিস্ট আমলে দেশের ২০ লাখ কর্মচারী ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত ছিল। পরিবর্তনের পরও পরিস্থিতির উন্নতি হয়নি। আমরা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি ১৫ ডিসেম্বরের মধ্যে নবম গ্রেড কার্যকর করে সঠিক পে-স্কেলে বেতন নিশ্চিত করুন।”
তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে দেশের সব বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা যৌথভাবে আন্দোলনে নামতে বাধ্য হবে। দ্রুত বাস্তবায়নের দাবিতে আমরা উপাচার্যের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি পাঠাব।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮