চট্টগ্রাম ব্যুরো:
ফটিকছড়ির মেধাবী তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো বিশেষ সেমিনার ‘Gen Z meets Sarwar Alamgir’। বৃহস্পতিবার ফটিকছড়ির একটি চা-বাগানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম - ০২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব সরওয়ার আলমগীর।
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিদুয়ান সিদ্দিকীর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুল হক মামুন। সেমিনারে ফটিকছড়ির বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যারা সরাসরি প্রধান অতিথির কাছে ফটিকছড়ির উন্নয়ন ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে তাদের ভাবনা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সরওয়ার আলমগীর শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ফটিকছড়ির প্রেক্ষাপটে নিজের পরিকল্পনা তুলে ধরে বলেন:
"মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে একটি কর্মসংস্থানমুখী ও আধুনিক ফটিকছড়ি গড়ার মাধ্যমে। ফটিকছড়ির তরুণরা হবে আইটি নির্ভর ও দক্ষ। আমি বিজয়ী হলে ফটিকছড়িতে একটি পূর্ণাঙ্গ আইটি পার্ক ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। তরুণদের মেধা আর আমাদের অভিজ্ঞতা মিলে আমরা ফটিকছড়িকে বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলব। মনে রাখবেন, আগামীর বাংলাদেশ হবে মেধার, কোনো পেশীশক্তির নয়।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চাকসু’র এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, "জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে বুক টানটান করে দাঁড়াতে হয়। ফটিকছড়ির তরুণরা আজ আর কেবল ভোটার নয়, তারা আগামীর নীতিনির্ধারক। জেনারেশন জি-র এই সাহস ও মেধা কাজে লাগিয়েই আমরা একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলব।"
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, "ক্যাম্পাস থেকে শুরু করে রাজপথ—সর্বত্রই এখন তারুণ্যের জয়জয়কার। ফটিকছড়ির তরুণরা যাতে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে কোনোভাবে পিছিয়ে না পড়ে, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।"
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ফটিকছড়ির যানজট নিরসন, হালদা নদী রক্ষা, চা শ্রমিকদের উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে প্রধান অতিথির সাথে প্রাণবন্ত আলোচনা করেন। উপস্থিত তরুণরা এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ফটিকছড়ির উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮