তাইয়্যেবা জাহান, জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন সরকারের দুই প্রতিমন্ত্রী। শনিবার (৪ এপ্রিল) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়ে বিভিন্ন একাডেমিক ভবন ও নির্মাণাধীন স্থাপনা ঘুরে দেখেন। পরিদর্শনকালে তাঁদের সঙ্গে ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তাঁদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।
উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস, চলমান একাডেমিক কার্যক্রম এবং বর্তমান অবকাঠামোগত উন্নয়নের চিত্র প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান।
উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করলে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উভয়েই ইতিবাচক সাড়া দেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা দুইজন গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রীকে এই বিশ্ববিদ্যালয়ে স্বল্প সময়ের জন্য হলেও কিছুটা পরিদর্শনের ব্যবস্থা করতে পেরেছি। তবে ভবিষ্যতে অন্য কোন অনুষ্ঠানে তাঁদের দুইজনকেই অতিথি হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন বিভাগের প্রধান, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮