প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৭:০৭ পি.এম
ধর্ষণে বাধা, স্ত্রীর সামনেই স্বামীকে জবাই করে হত্যা

তৌহিদ বেলাল,
কক্সবাজার শহরে স্ত্রীর সামনেই খুন হয়েছেন রঞ্জন চাকমা (৫৫) নামে এক ব্যক্তি। ধর্ষণে বাধা দেওয়ায় জবাই করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে ঘাতক বীরেন চাকমা (৫৪)।
রোববার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে। মদ্যপ অবস্থায় আটক বীরেন চাকমাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, রাঙ্গামাটি জেলার বাসিন্দা নিহত রঞ্জন চাকমা স্ত্রী কালোদেবী চাকমা (৩৫) কে সঙ্গে নিয়ে সম্প্রতি কক্সবাজারে কাজের উদ্দেশ্যে আসেন। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তারা কক্সবাজারে বীরেন চাকমার ভাড়া বাসায় আশ্রয় নেন। বীরেনও কয়েকমাস আগে রাঙ্গামাটি থেকে এসে কক্সবাজার শহরের ঝিলংজা এলাকার উত্তরণ আবাসিকে ভাড়া থাকছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা, রাতে তারা সবাই একসাথে মদ্যপান করছিলেন। এসময় মদ্যপ অবস্থায় রঞ্জনের স্ত্রীকে পাশের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা করে বীরেন। স্ত্রীকে বাঁচাতে রঞ্জন এগিয়ে গেলে বীরেন তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্ত্রী চিৎকার করলে লোকজন এগিয়ে যায়।
হত্যার পর পালানোর সময় বীরেন চাকমার হাতে রক্ত দেখে স্থানীয়রা সন্দেহ করেন। পরে ব্যাগ হাতে পালাতে গিয়ে তাকে ধাওয়া করে ধরে ফেলে এলাকাবাসী।
স্থানীয় প্রত্যক্ষদর্শী শাহ আলম বলেন, 'হঠাৎ পাশের ফ্ল্যাট থেকে এক নারীর আর্তচিৎকার শুনে আমরা বের হই। বাইরে এসে দেখি ওই নারী কাঁদছেন, তার স্বামী মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছে। একটু পরেই রক্তমাখা হাতে বীরেনকে পালাতে দেখে আমরা তাকে আটক করি।'
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রঞ্জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ঘাতককে স্থানীয়রা ধরে আমাদের হাতে দিয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধর্ষণচেষ্টার ঘটনার জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।'
ওসি জানান, নিহতের স্ত্রীকে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২