মোঃ আবুল কালাম, ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি,
সোমবার (১৬ নভেম্বর) সকাল সোয়া ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে হাত-পা কেটে গেলে প্রাথমিক চিকিৎসা, বিভিন্ন টিকা, হাম, রক্তচাপ, ডেঙ্গু, সাপে কামড় এবং কুকুর, শিয়াল ও বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড়ে আহত হলে করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
এতে উপজেলা সদরের ধর্মপাশা ২ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) ডা. মাজেদুল হাসান পিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, ধর্মপাশা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার ও সাংবাদিক সালেহ আহমদ।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (তথ্যপ্রযুক্তি) ডা. সাবের হোসেন ফুয়াদ।
প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি খুদে ডাক্তারদের প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের হাতে প্রয়োজনীয় উপকরণসামগ্রী, ফার্স্ট এইড বক্স ও রক্তচাপ মাপার যন্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের ব্যতিক্রমী আয়োজনের অংশ হিসেবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মৌনিপা আরা নোহাকে ১৫ মিনিটের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার চেয়ারে বসিয়ে প্রতীকী দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হয়।
এ সময় শিক্ষার্থী মৌনিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপণের পরামর্শ দেয়। পাশাপাশি চিকিৎসকের দায়িত্ব পালনের আনন্দ ও চ্যালেঞ্জের অনুভূতি প্রকাশ করে এবং ভবিষ্যতে চিকিৎসক হয়ে নিঃস্বার্থভাবে রোগীদের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে।
পরে তার পরামর্শ অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে তিনটি ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮