মোঃ আবুল কালাম, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি,
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বোরো জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, কেশবপুর গ্রামের মাঠের উত্তর পাশে অবস্থিত ৫৩ শতক বোরো জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের হীরা মিয়া (২৮) ও সোহেল মিয়ার (৪০) মধ্যে বিরোধ চলে আসছিল। রবিবার সকাল সাতটার দিকে উভয় পক্ষের লোকজন ওই জমিতে উপস্থিত হলে কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের খোকন মিয়া (৪৫), তাঁর মেয়ে ফাইমা আক্তার (১৪) ও সোহেল মিয়া (৪০)সহ পাঁচজন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর আহত খোকন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্য আহতরা স্থানীয়ভাবে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন।
এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, "এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮