
আবু হুরায়রা, গবি প্রতিনিধি
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের -গবি- ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষার্থী মো. আলীনুর ইসলাম চল্লিশের দশকের লোকসাহিত্য ও লোকসংস্কৃতি’র জন্য ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার -২০২৪- পাচ্ছেন।
বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদান রাখা ২০ জন প্রতিভাবান লেখককে সম্মানিত করতে প্রতিবছরের মতো এবারও ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার’ প্রদান করছে দেশ পাবলিকেশন্স।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে আলীনুর ইসলাম বলেন, "যেকোনো স্বীকৃতি আনন্দের, আর 'দেশ পাণ্ডুলিপি পুরস্কার' পাওয়া আমার জন্য এক বিশেষ গৌরবের বিষয়। তবে এর সঙ্গে দায়িত্বও বহুগুণে বেড়ে যায়। এই অর্জন আমাকে আরও বেশি কাজ করতে অনুপ্রাণিত করবে এবং নতুন সৃষ্টির পথে এগিয়ে যেতে সহায়তা করবে। লোকসাহিত্য আমার শিকড়, আমার অস্তিত্ব। ছোটবেলা থেকেই লোকগান, লোকাচার, লোকক্রীড়ার মধ্যে বড় হয়েছি—এসবের মাঝেই আমার সাহিত্যচর্চার বীজ বোনা হয়েছে।"
তিনি আরও বলেন, "আমার বাবা ছোটবেলায় লোকগানের আসরে নিয়ে যেতেন। সেই পরিবেশে বেড়ে ওঠার ফলে আমাদের ঐতিহ্য ও কৃষ্টির প্রতি গভীর ভালোবাসা গড়ে ওঠে। সেই ভালোবাসা থেকেই লোকসাহিত্য নিয়ে কাজ করছি, আর তারই স্বীকৃতি হিসেবে এই পুরস্কার আমার জন্য অত্যন্ত মূল্যবান। তবে এই অর্জনের পেছনে বাবার অবদান অনস্বীকার্য, তাই এই মুহূর্তে তাঁকে বিশেষভাবে মনে পড়ছে। সব মিলিয়ে, এটি শুধু একটি পুরস্কার নয়, বরং নতুন পথচলার অনুপ্রেরণা।"
উল্লেখ্য, আলীনুর ইসলাম 'বঙ্গরাখাল' নামেও পরিচিত। তিনি এর আগে আবুল মনসুর আহমদ পুরস্কার -২০২০- জলধি সম্মাননা -২০২১- অনুপ্রাণন সাহিত্য সম্মাননা -২০২২- ও কাব্যশ্রী সাহিত্য পুরস্কার -২০২৪- অর্জন করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮