স্পোর্টস ডেস্ক,
বিশ্বকাপের পর এবার দেশের মাটিতে ফিরছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। ফিফার সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মঙ্গলবার ম্যাচগুলোর প্রতিপক্ষ, তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে জানাবে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে।
সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর এল মনুমেন্তালে বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর একই মাঠে বেনিনের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে ম্যাচগুলো ফিফার ‘ক্লাস এ’ মর্যাদা পাবে কি না, সেটিই এখন দেখার বিষয়। এই মর্যাদা পেলে লিয়েন্দ্রো পারেদেস, নাহুয়েল মলিনা ও তিয়াগো আলমাদা বিশ্বকাপ ফাইনালের ঘটনার নিষেধাজ্ঞার ম্যাচগুলো পূরণ করতে পারবেন। পাশাপাশি ম্যাচগুলোর ফল ফিফা র্যাঙ্কিং ও খেলোয়াড়দের পরিসংখ্যানেও যুক্ত হবে।
এদিকে সবচেয়ে বড় অনিশ্চয়তা স্কালোনির ভবিষ্যৎ নিয়ে। এএফএ তাকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখার আগ্রহ প্রকাশ করলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি তিনি।
স্কালোনি থাকলেও কোচিং স্টাফে পরিবর্তন আসছে। ডিসেম্বরের চুক্তি শেষ হলে ওয়াল্টার স্যামুয়েল আর জাতীয় দলের সঙ্গে থাকবেন না। কোচ হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার ইচ্ছা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সবকিছুর বাইরে সমর্থকদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন লিওনেল মেসি। জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দেওয়া এই কিংবদন্তিকে দেশের মাটিতে শেষবার দেখার অপেক্ষায় আর্জেন্টাইন সমর্থকরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮