বিনোদন ডেস্ক,
মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে বসছে আগামীকাল (২৪ নভেম্বর)। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর কোলসিও ডি পুয়ের্তো রিকো জোসে মিগুয়েল অ্যাগ্রেলটে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি।
তবে মিস ইউনিভার্সে বাংলাদেশের অংশগ্রহণের ইতিহাস শুরু হয় ১৯৯৫ সালে। ওই বছর লন্ডনের একটি প্রতিষ্ঠানের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন সাথী বিলকিস ইয়াসমীন। পরে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।
প্রতিযোগিতা থেকে দেশে ফেরার পর অভিনয়ের অনেক প্রস্তাব পেলেও শুরুতে চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী ছিলেন না সাথী। চলচ্চিত্রে অভিনয়ের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণও ছিল না তার। তবে পরিচালক এহতেশামের উৎসাহে শেষ পর্যন্ত সিনেমায় পা রাখেন তিনি। এহতেশাম পরিচালিত ‘পরদেশী বাবু’ ছিল তার প্রথম চলচ্চিত্র। এতে সহশিল্পী ছিলেন ফেরদৌস।
এরপর মান্নার সঙ্গে ‘আব্বাজান’ ও ‘বীর সৈনিক’ এবং রুবেলের সঙ্গে ‘অন্যায়ের প্রতিশোধ’ সিনেমায় অভিনয় করেন সাথী। ঢালিউড কিং শাকিব খানের সঙ্গেও ‘বড় মালিক’ সিনেমায় দেখা গেছে তাকে। সর্বশেষ ‘আহা!’ সিনেমায় অভিনয় করেন তিনি।
চলচ্চিত্রের বাইরে সাথীর জীবনে যুক্ত হয়েছে নতুন অধ্যায়। পরিবারের বড় সন্তান হওয়ায় বাবা মোর্শেদ রেজা চেয়েছিলেন, তিনি পারিবারিক ব্যবসায় যুক্ত হন। এ জন্য অফিসের ব্যবস্থাও করেছিলেন তার বাবা।
সাথীর ভাষ্য অনুযায়ী, বর্তমানে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮