দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। ডলারের দুর্বলতা এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর সম্ভাবনায় টানা চতুর্থ দিনের মতো বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম।
বৃহস্পতিবার (৬ আগস্ট) স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৫৪ দশমিক ৯৮ ডলারে পৌঁছেছে, যা প্রায় দেড় মাসের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারও বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৩১২ দশমিক ৮০ ডলারে।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতি এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার আশায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। পাশাপাশি মার্কিন ডলারের দুর্বলতাও স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করছে।
তবে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের জুলাই মাসের কর্মসংস্থান প্রতিবেদনের দিকে। বিশ্লেষকদের ধারণা, প্রত্যাশার তুলনায় দুর্বল কর্মসংস্থানের তথ্য এলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। আর শক্তিশালী তথ্য প্রকাশ হলে সুদের হার নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়ে স্বল্পমেয়াদে স্বর্ণের বাজারে চাপ সৃষ্টি হতে পারে।
অন্যদিকে, রূপার দাম কিছুটা কমলেও প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা আগামী দিনগুলোতেও মূল্যবান ধাতুর বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮