এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ এলাকায় অবস্থিত জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসায় এক শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার প্রিন্সিপাল, ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদকসহ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।
রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, শিক্ষক ও জমিয়ত নেতা মুফতি হারুন অর রশিদকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের পর তার সমর্থকরা মাদ্রাসার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে প্রিন্সিপাল আবু তাহের জিহাদী, ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ খোকনসহ কয়েকজনকে মাদ্রাসার ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়।
ম্যানেজিং কমিটির সদস্য শাহ আব্দুল হালিম দাবি করেন, অব্যাহতির সিদ্ধান্তের পর মুফতি হারুন অর রশিদের অনুসারীরা শিক্ষার্থীদের উত্তেজিত করে এবং পরে মাদ্রাসা কর্তৃপক্ষকে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মুফতি হারুন অর রশিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পরিস্থিতির সমাধান না হলে আরও উত্তেজনা সৃষ্টি হতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮