এস এম রনি, স্টাফ রিপোর্টার,
দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সংসারে সচ্ছলতা ফেরাতে এবং নিজে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সেলাই মেশিন উপহার পেয়েছে নারায়ণগঞ্জের নগর খানপুর এলাকার কিশোরী আশা মনি।
বুধবার (২৮ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে আশা মনির হাতে নতুন সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।আশা মনি নগর খানপুর এলাকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবা মো. সামাদ একজন দৃষ্টিপ্রতিবন্ধী। শারীরিক প্রতিবন্ধকতার কারণে তিনি কোনো কাজ করতে পারেন না। ফলে অন্যের আর্থিক সহায়তায় চলে তাদের সংসার।
পরিবারের আর্থিক সংকট কাটিয়ে স্বাবলম্বী হওয়ার আশায় গত ৭ অক্টোবর জেলা প্রশাসকের কাছে একটি সেলাই মেশিনের জন্য লিখিত আবেদন করে আশা মনি। তার আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় জেলা প্রশাসক তাকে নতুন সেলাই মেশিনটি উপহার দেন।
এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জেলা প্রশাসন সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে রয়েছে। আশা মনির মতো উদ্যমী কিশোরীরা যেন নিজেদের পায়ে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত আশা মনি জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। নতুন এই সেলাই মেশিনের মাধ্যমে সেলাইয়ের কাজ শিখে আয় করার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবে বলে আশা করছে সে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮