আন্তর্জাতিক ডেস্ক,
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনিয়া গোমেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন দেশটির এক বিচারক। একই সঙ্গে তার পাসপোর্ট জমা, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং মাসে দুবার আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গোমেজের বিরুদ্ধে তদন্তকে কেন্দ্র করে রাজনৈতিক চাপে পড়েছেন প্রধানমন্ত্রী সানচেজ। তার ঘনিষ্ঠজনদের বিরুদ্ধেও একাধিক তদন্ত চলায় সরকারের ওপর চাপ বাড়ছে।
বিচারক হুয়ান কার্লোস পেইনাদোর অভিযোগ, স্বামীর রাজনৈতিক অবস্থান ও প্রভাব ব্যবহার করে মাদ্রিদের একটি বিশ্ববিদ্যালয়ে নিজের পেশাগত অবস্থান এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন গোমেজ। তার বিরুদ্ধে আত্মসাৎ, প্রভাব খাটানো, ব্যবসায়িক লেনদেনে দুর্নীতি ও তহবিলের অপব্যবহারের অভিযোগ রয়েছে।
তবে গোমেজ ও সানচেজ উভয়েই অভিযোগ অস্বীকার করেছেন। সানচেজের দাবি, তার স্ত্রীর বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি একে ‘অশ্লীল প্রহসন’ বলেও অভিহিত করেছেন।
২০২৪ সালে ডানপন্থী রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা দুর্নীতিবিরোধী সংগঠন ‘মানোস লিম্পিয়াস’ গোমেজের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু হয়। ওই সময় সানচেজ কয়েক দিনের জন্য সরকারি দায়িত্ব থেকে বিরতি নেওয়ার কথাও বিবেচনা করেছিলেন।
গোমেজের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশের সমালোচনা করেছেন স্পেনের বিচারমন্ত্রী ফেলিক্স বোলানোস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ন্যায়বিচারে বিশ্বাসীদের জন্য এটি একটি ভয়াবহ দিন। তবে শেষ পর্যন্ত সত্যের জয় হবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে সানচেজের নেতৃত্বাধীন স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির (পিএসওই) সদর দপ্তরেও সম্প্রতি তল্লাশি চালিয়েছে পুলিশ। দলীয় তহবিলের অর্থ অপব্যবহার এবং রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি অভিযোগ মোকাবিলায় অর্থ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮