দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য দেশটিতে একটি বাংলাদেশি আইন ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেনজীর আহমেদ যাতে দুবাই ছাড়তে না পারেন, সে জন্য আদালত শর্তসাপেক্ষে তাকে জামিন দিয়েছেন। তবে কী কারণে তাকে জামিন দেওয়া হয়েছে, তা জানতে এবং জামিন বাতিলের আইনি প্রক্রিয়া এগিয়ে নিতে আইন ফার্ম নিয়োগ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সরকারের কাছে ধারণা রয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে দেশে কোনো তৎপরতা চালানোর সক্ষমতা তাদের নেই। তবে দলটি বিদেশ থেকে মাঝেমধ্যে বিভিন্ন ধরনের তৎপরতা চালানোর চেষ্টা করছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, উল্টো রথযাত্রা এবং সম্প্রতি মেট্রোরেল এলাকায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। উগ্রবাদী ও সন্ত্রাসী গোষ্ঠী যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এনসিপির কর্মসূচিতে হামলার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সফরকালে বর্তমান তারেক রহমান সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের আস্থার বিষয়টি বিশেষ দূত নিজেই ব্রিফিংয়ে তুলে ধরেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮