সালমান মির্জা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি,
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব গাইয়ারচর জবর আলী মোল্লা বাড়ী জামে মসজিদের দীর্ঘ ২৭ বছরের ইমামতি জীবনের ইতি টেনে বিদায় নিলেন মাওলানা মোস্তফা কামাল।
দীর্ঘ কর্মজীবনে তিনি নিয়মিত নামাজের ইমামতি, ধর্মীয় শিক্ষা প্রদান ও মুসল্লিদের বিভিন্ন ধর্মীয় বিষয়ে দিকনির্দেশনা দিয়ে আসছিলেন। তাঁর দীর্ঘদিনের দায়িত্ব পালন ও আন্তরিকতায় মসজিদের মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গড়ে ওঠে গভীর সম্পর্ক।
চাকরি জীবনের শেষ দিনে মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের উদ্যোগে তাঁকে সম্মান ও ভালোবাসার সঙ্গে বিদায় জানানো হয়। এ সময় তাঁর হাতে সম্মানস্বরূপ সামান্য অর্থ তুলে দেওয়া হয়।
বিদায় অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা মাওলানা মোস্তফা কামালের দীর্ঘ ২৭ বছরের সেবা ও অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের শান্তি কামনা করেন।
দীর্ঘদিনের পরিচিত ইমামকে বিদায় দিতে গিয়ে অনেকের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাঁর কণ্ঠে আর মসজিদে নিয়মিত আজানের পর নামাজের ইমামতি শোনা যাবে না—এ বিষয়টি মুসল্লিদের জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক।
স্থানীয়রা বলেন, ২৭ বছর শুধু একটি চাকরির সময় নয়, এটি একটি মসজিদ ও এলাকার মানুষের সঙ্গে গড়ে ওঠা দীর্ঘ এক সম্পর্কের ইতিহাস। তাঁর এই দীর্ঘ সেবার কথা স্থানীয় মুসল্লিরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮