মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি,
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের সার্বিক সহযোগিতায় দুর্গম পাহাড়ি এলাকায় দুই শতাধিক অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) উপজেলার কবাখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জোড়া ব্রিজ নামক স্থানে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। দীঘিনালা জোন কমান্ডারের নির্দেশনায় এবং জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের (আরএমও) তত্ত্বাবধানে এ উদ্যোগ নেওয়া হয়।
চিকিৎসাসেবা কার্যক্রমে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগের প্রশংসা করেন।
দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন বলেন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সুচিকিৎসা নিশ্চিত করতে দীঘিনালা জোন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮