মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি,
খাগড়াছড়ির দীঘিনালায় হারিয়ে যাওয়া প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের দুই জোড়া স্বর্ণের কানের দুল দুই মাস ১৫ দিন পর ফিরে পেয়েছেন ৭৩ বছর বয়সী জানোকি চাকমা। কুড়িয়ে পাওয়া স্বর্ণালংকার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন আনসার সদস্য আবু হানিফ মিয়া। হারানো স্বর্ণালংকার ফিরে পেয়ে খুশিতে অসহায় মানুষের সহায়তায় ১ হাজার ৫০০ টাকা দান করেছেন জানোকি চাকমা।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টায় দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী বাজারে স্বর্ণালংকারগুলো প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেন আনসার সদস্য আবু হানিফ মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস ১৫ দিন আগে মধ্য বোয়ালখালী বাজারে ইয়াকুব আলীর চায়ের দোকানের সামনে একটি ছোট ব্যাগ পড়ে থাকতে দেখেন আবু হানিফ মিয়া। ব্যাগটি খুলে ভেতরে দুই জোড়া স্বর্ণের কানের দুল দেখতে পান তিনি। পরে স্বর্ণালংকারগুলোর প্রকৃত মালিককে খুঁজে বের করে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন।
মালিকের সন্ধান পেতে স্থানীয় বিভিন্ন চায়ের দোকান ও আশপাশের লোকজনকে বিষয়টি জানান তিনি। কারও মূল্যবান জিনিস হারিয়ে গেলে তাঁর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেন। একই সঙ্গে স্বর্ণালংকারের প্রকৃত মালিককে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ দিয়ে সেগুলো বুঝে নেওয়ার আহ্বান জানান।
দীর্ঘ দুই মাস ১৫ দিনের প্রচেষ্টার পর অবশেষে স্বর্ণালংকারের প্রকৃত মালিকের সন্ধান পান তিনি। জানা যায়, মধ্য বোয়ালখালী এলাকার বাসিন্দা জানোকি চাকমা ওই চায়ের দোকানে চা পান করতে এসেছিলেন। এ সময় অসাবধানতাবশত তাঁর ব্যাগ থেকে স্বর্ণালংকারগুলো পড়ে যায়। পরে প্রয়োজনীয় তথ্য যাচাই করে শুক্রবার সকালে তাঁর কাছে স্বর্ণালংকারগুলো ফিরিয়ে দেওয়া হয়।
দীর্ঘদিন পর হারানো স্বর্ণালংকার ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জানোকি চাকমা। তিনি বলেন, স্বর্ণালংকারগুলো ফিরে পাবেন, তা কখনো কল্পনাও করেননি। এই যুগেও যে এমন সৎ মানুষ আছেন, আবু হানিফ মিয়াকে না দেখলে তা বুঝতে পারতেন না। তিনি চাইলে স্বর্ণালংকারগুলো নিজের কাছে রেখে দিতে পারতেন। কিন্তু তা না করে প্রকৃত মালিককে খুঁজে বের করে ফিরিয়ে দিয়েছেন। এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
স্বর্ণালংকার ফিরে পেয়ে আনন্দিত জানোকি চাকমা অসহায় মানুষের সহায়তায় ১ হাজার ৫০০ টাকা দান করেন। তাঁর এই উদ্যোগ ঘটনাটিকে আরও মানবিক তাৎপর্য দিয়েছে।
মূল্যবান স্বর্ণালংকার কুড়িয়ে পেয়েও তা আত্মসাৎ না করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় আনসার সদস্য আবু হানিফ মিয়ার সততা ও দায়িত্ববোধের প্রশংসা করছেন স্থানীয়রা। তাঁদের মতে, এমন মানবিক উদ্যোগ সমাজে সততা, নৈতিকতা ও পারস্পরিক আস্থার বন্ধনকে আরও দৃঢ় করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮