মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি),
শিশুদের সহজ ও শুদ্ধভাবে পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার প্রত্যয়ে রচিত ‘মিফতাহুল কোরআন নূরানী কায়দা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে খাগড়াছড়ির দীঘিনালায়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার মধ্য বোয়ালখালী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিতিতে কায়দাটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
‘মিফতাহুল কোরআন নূরানী কায়দা’র রচয়িতা দীঘিনালার কৃতী সন্তান ক্বারী মোহাম্মদ ওমর ফারুক বিন ফরিদ উদ্দিন। দীর্ঘ এক বছরের প্রচেষ্টায় তিনি কায়দাটি রচনা করেন। শিশুদের কোরআন শিক্ষার প্রাথমিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে এতে আরবি হরফের পরিচিতি, শুদ্ধ উচ্চারণ, মাখরাজ ও কোরআন তেলাওয়াতের নিয়মাবলি সহজ ও ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি নূরানী শিক্ষকদের পাঠদান আরও সহজ, কার্যকর ও মানসম্মত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও সংযোজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালখালী ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল্লাহ আল মেহেরী, ছোট মেরুং বাজার দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল আজিজী, হাচিনসনপুর গাটপার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আরমান, ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুল হালিমসহ স্থানীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুর নৈতিক ও ধর্মীয় শিক্ষার ভিত্তি গড়ে তুলতে শৈশব থেকেই পবিত্র কোরআনের শুদ্ধ শিক্ষা নিশ্চিত করা জরুরি। কোরআন শিক্ষার প্রাথমিক পর্যায়ে হরফের সঠিক পরিচয়, উচ্চারণ ও মাখরাজ শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সহজবোধ্য ও নিয়মতান্ত্রিক শিক্ষা উপকরণ শিক্ষক-শিক্ষার্থী উভয়ের জন্য সহায়ক ভূমিকা পালন করে। ‘মিফতাহুল কোরআন নূরানী কায়দা’ শিশুদের কোরআন শিক্ষার পথকে আরও সহজ ও গতিশীল করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
কায়দাটির রচয়িতা ক্বারী মোহাম্মদ ওমর ফারুক বিন ফরিদ উদ্দিন বলেন, “একটি শিশু যেন খুব সহজেই পবিত্র কোরআন পড়তে ও শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, সেই লক্ষ্য থেকেই কায়দাটি রচনা করেছি। এতে হরফের সঠিক উচ্চারণ, মাখরাজ, তেলাওয়াতের নিয়ম এবং শুদ্ধভাবে কোরআন শেখার প্রয়োজনীয় পদ্ধতি সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি নূরানী শিক্ষকদের জন্যও গুরুত্বপূর্ণ কিছু দিকনির্দেশনা সংযোজন করেছি, যাতে তাঁরা শিক্ষার্থীদের আরও সহজ ও কার্যকর পদ্ধতিতে পাঠদান করতে পারেন।”
তিনি আরও বলেন, শিশুদের কোরআন শিক্ষার ভিত্তি মজবুত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে শুদ্ধ কোরআন তেলাওয়াতের চর্চা ছড়িয়ে দেওয়াই তাঁর এ উদ্যোগের মূল উদ্দেশ্য। কায়দাটি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য উপকারী হবে বলে তিনি প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে অতিথিরা কায়দাটির প্রকাশনাকে স্বাগত জানিয়ে রচয়িতার এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, শিশুদের প্রাথমিক কোরআন শিক্ষায় মানসম্মত ও সহজবোধ্য পাঠ্যসামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ধর্মীয় শিক্ষার প্রসার আরও বেগবান হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮