মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি),
খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে অগ্নিনির্বাপণবিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর শীত মৌসুমে এ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়। এমন পরিস্থিতিতে আগুন লাগলে দ্রুত নিয়ন্ত্রণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন ও দীঘিনালা ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে বোয়ালখালী বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয়। ফায়ার সার্ভিসের একটি প্রশিক্ষিত দল অগ্নিনির্বাপণ মহড়া পরিচালনা করে। এ সময় আগুন লাগার কারণ, অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক করণীয়, আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক কৌশল এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহার সম্পর্কে ব্যবসায়ী ও স্থানীয়দের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সাহা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম এবং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমাসহ বাজার কমিটির সদস্য, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, বোয়ালখালী বাজারে শীত মৌসুমে অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘনবসতিপূর্ণ বাজারে আগুন লাগলে দ্রুত তা ছড়িয়ে পড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। তাই শুধু মহড়া নয়, বাজারে অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখা, বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষা করা এবং আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি রাখাও জরুরি।
সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ এ উদ্যোগকে বাজারের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সচেতনতামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ ধরনের প্রশিক্ষণ ও মহড়া নিয়মিত আয়োজন করা হলে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮