মোঃ সাগর ইসলাম,
দিনাজপুরের ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ট্রাক ও একটি মোবাইল ফোনসহ মো. সবুজ (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৪২ বিজিবি।
জব্দকৃত মাদক ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৭৭ হাজার টাকা।
আজ বুধবার ২৮ অক্টোবর সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ঝাড়পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক মো. সবুজ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার মো. সহিবর রহমানের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ঠাকুরগাঁওয়ের দিকে নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি এর অধীনস্থ দিহানগর বিওপির একটি টহল দল কৌশলগত অবস্থান নেয়। পরবর্তীতে সন্দেহভাজন ট্রাকটিকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে ট্রাকটি আটক করেন এবং তল্লাশি চালিয়ে ৬,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও এই অভিযানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক চোরাচালান দেশের যুবসমাজের ভবিষ্যৎ ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
মাদকের বিস্তার রোধ এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।
আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ তাকে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮