তৌহিদুল ইসলাম চঞ্চল,
দিনাজপুরে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ও অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং লাইসেন্সবিহীন ইটভাটা স্থাপনের বিরুদ্ধে যৌথ মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে র্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তর।
গতকাল ১৯ মে (মঙ্গলবার) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন বিনদনগর ও গোলাপগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আজ ২০ মে (বুধবার) অধিনায়ক পক্ষে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবাবগঞ্জ উপজেলার ২ নং বিনদনগর ইউপির পলিরামদেবপুর এবং ৩ নং গোলাপগঞ্জ ইউপির কাদিয়ারকোনা এলাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করে জেলা প্রশাসকের অনুমোদন ছাড়াই দুটি ইটভাটা স্থাপন করা হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, রংপুর সিপিসি-১, দিনাজপুর এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। আইন অমান্য করে নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপন ও বিষাক্ত কয়লা ব্যবহারের অপরাধে 'এসআর ব্রিকস' এবং 'এমএমবি ব্রিকস' নামের দুটি ইটভাটা সম্পূর্ণ ধ্বংস করা হয়।
পরিবেশ রক্ষায় র্যাবের পক্ষ থেকে এমন গোয়েন্দা তৎপরতা ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮