নুর মোহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে শিশু সুরক্ষা নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা ও সহযোগিতার কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে ডিএসকের স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) DSK-KNH-BMZ প্রকল্পের উদ্যোগে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমতিক্রমে কর্মশালায় সভাপতিত্ব করেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মিনু আরা বেগম। তিনি কর্মশালার উদ্বোধন করেন। এ সময় শিশু সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ডিএসকের উদ্যোগের প্রশংসা করে এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে সব অংশীজনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় সাংবাদিক, শিশু সুরক্ষা কমিটির সদস্য, ফেডারেশন ও ইয়ুথ গ্রুপের প্রতিনিধি, শিক্ষক, ইমাম, গ্রাম পুলিশ এবং প্রকল্পের শিশু সুরক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রকল্পের কার্যক্রম, অর্জন এবং শিশু সুরক্ষায় বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগের ওপর উপস্থাপনা করেন প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার (শিশু সুরক্ষা) নাছিমা শাহীন। এ সময় প্রকল্পের সংশ্লিষ্ট টিম কারিগরি সহায়তা প্রদান করে।
আলোচনায় নারী অংশগ্রহণকারীরা প্রকল্পের মাধ্যমে তাঁদের জীবনমানের উন্নয়ন এবং এর ফলে পরিবার ও শিশুদের ওপর পড়া ইতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন। পাশাপাশি শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন দপ্তরের সেবা ও সহযোগিতা গ্রহণের অভিজ্ঞতা বিনিময় করেন তাঁরা। প্রকল্পের কার্যক্রম শেষ হলেও শিশু সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
শিশু সুরক্ষা কমিটির সদস্য জামাল হোসেন চৌধুরী ও ফরিদুল আলম শিশু সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ, জন্মনিবন্ধন নিশ্চিতকরণ এবং মাদকসংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। এসব সমস্যা মোকাবিলায় স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ও কমিউনিটির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। পাশাপাশি প্রকল্পের কার্যক্রম শেষ হলেও শিশু সুরক্ষা কমিটির সদস্যরা তাঁদের কার্যক্রম অব্যাহত রাখবেন এবং প্রয়োজন অনুযায়ী উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখবেন বলে জানান।
যুব গ্রুপের সভাপতি তানভীরুল হক বলেন, যুব নেতৃত্বের মাধ্যমে এলাকার শিশু সুরক্ষায় তাঁরা সক্রিয় ভূমিকা পালন করছেন। যুব ক্লাবের মাধ্যমে সহিংসতাসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় কাজ করবেন তাঁরা। এ ক্ষেত্রে এলাকার অন্যান্য বেসরকারি সংস্থা এবং প্রয়োজন অনুযায়ী উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার কথাও জানান তিনি।
এ সময় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আমির হামজা ডিএসকের শিশু সুরক্ষা কার্যক্রমের ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
কর্মশালার সমাপনী বক্তব্যে সভাপতি মিনু আরা বেগম শিশু সুরক্ষায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮