বিজয় চৌধুরী, ঢাকা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকাজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা রোধে সেনাবাহিনীর নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, মার্কেট এলাকা, আবাসিক অঞ্চল ও জনবহুল স্থানে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। বিভিন্ন এলাকায় বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট, যেখানে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা যৌথভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মোবাইল প্যাট্রোল টিম ও কুইক রেসপন্স ইউনিট প্রস্তুত রাখা হয়েছে, যাতে যেকোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে গুজব, নাশকতা ও সহিংসতা ঠেকাতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
নির্বাচনী কার্যালয়, প্রার্থীদের প্রচারণা এলাকা, সভা-সমাবেশস্থল এবং ভোটকেন্দ্র ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। রাতে বাড়ানো হয়েছে টহল, বসানো হয়েছে মোবাইল চেকপোস্ট এবং সিসিটিভির মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।
নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে বিশেষভাবে চিহ্নিত করে সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
কঠোর নিরাপত্তা ব্যবস্থায় রাজধানীবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, দিন ও রাতে টহল বাড়ায় তারা নিজেদের আরও নিরাপদ মনে করছেন। তারা আশা করছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
একজন পথচারী বলেন, “এখন রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বেশি থাকায় আমরা অনেকটাই নিশ্চিন্তে চলাচল করতে পারছি।”
এদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকেও নাগরিকদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।
নির্বাচন কমিশন জানায়, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮