আন্তর্জাতিক ডেস্ক,
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করতে গিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা গ্রেফতার হয়েছেন। তাঁদের গ্রেফতারের নিন্দা জানিয়ে পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে মমতা লেখেন, ‘তোমাদের দিদি তোমাদের পাশে আছে, আজও, চিরকাল।’ গণতান্ত্রিক অধিকার রক্ষায় তরুণদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন, ভয় দেখিয়ে একটি প্রজন্মকে নীরব করার চেষ্টা চলছে।
অন্যদিকে, জাতীয় পতাকা ওড়ানোর ঘটনায় ভারতীয়দের গ্রেফতার করায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নিজের দেশে জাতীয় পতাকা ওড়ানোর জন্য ভারতীয়দের গ্রেফতার করা হচ্ছে। অভিষেকের বক্তব্যকে সমর্থন জানিয়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে প্রবেশদ্বার টপকে ভেতরে ঢোকেন সিজেপির কয়েকজন নেতা। তাঁদের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। এ ঘটনায় সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করা হয়। তাঁদের সঙ্গে থাকা অজিঙ্ক শিণ্ডেকে পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে সিজেপির পক্ষ থেকে জানানো হয়।
বুধবার এক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌরভ ও আশুতোষকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও তাঁদের গ্রেফতারের নিন্দা জানান। তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ হিসেবে যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানো অপরাধ নয়। তাঁর মতে, তরুণ, শিক্ষার্থী ও সাংবাদিকদের সাংবিধানিক অধিকার রক্ষায় বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮