বিনোদন ডেস্ক,
কিংবদন্তি পাকিস্তানি কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলী খানের মৃত্যুবার্ষিকীতে তার মাজারে কাওয়ালি পরিবেশন করে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন গায়ক রাহাত ফতেহ আলী খান।
সম্প্রতি নুসরাত ফতেহ আলী খানের প্রায় তিন দশক আগের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানাতে যান রাহাত ফতেহ আলী খান। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে শাহজামান আলী খান। মাজারে উপস্থিত বিপুলসংখ্যক ভক্তের সামনে বাবা-ছেলে মিলে একটি সুফি কালাম পরিবেশন করেন।
পরে সেই পরিবেশনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। ভিডিওতে দেখা যায়, গান পরিবেশনের সময় উপস্থিত কয়েকজন দর্শক আকাশে কাগজের টাকা ছুড়ে দিচ্ছেন।
কবরের সামনে গান পরিবেশন এবং টাকা ওড়ানোর বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন অনেক নেটিজেন। কেউ কেউ এটিকে কবরের প্রতি অসম্মানজনক আচরণ হিসেবে মন্তব্য করেছেন। আবার অনেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এ আয়োজনের সমালোচনা করেছেন।
তবে নুসরাতের প্রতি শ্রদ্ধা জানাতেই এই পরিবেশনা করা হয়েছিল বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বোঝা গেছে। এরপরও মাজারে কাওয়ালি পরিবেশনের স্থান ও আয়োজনের ধরন নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ১৯৯৭ সালের আগস্টে মাত্র ৪৮ বছর বয়সে মারা যান বিশ্বখ্যাত কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলী খান। সংগীতজীবনের শুরু থেকেই চাচা নুসরাতের সঙ্গে কাওয়ালি পরিবেশনায় যুক্ত ছিলেন রাহাত ফতেহ আলী খান।
নুসরাতের মৃত্যুর পর রাহাত এককভাবে কাওয়ালি জগতে নিজের অবস্থান তৈরি করেন এবং পরিবারের দীর্ঘদিনের সংগীত ঐতিহ্য ধরে রাখেন। এবার চাচার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে পরিবেশনার ধরন নিয়ে নতুন করে আলোচনায় এলেন তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮