স্পোর্টস রিপোর্ট, সিলেট,
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নামা স্বাগতিকরা শুরুতেই ক্যাচ মিসের সুযোগ দিলেও দ্রুতই ঘুরে দাঁড়ায়। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দুর্দান্ত দুটি ইনসুইংয়ে ব্রেন্ডন কিং ও কাভেম হজের স্টাম্প ভেঙে জোড়া সাফল্য পায় বাংলাদেশ।
দলীয় ১৪ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে হাসান মাহমুদের করা দ্বিতীয় ওভারে সেকেন্ড স্লিপে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন জশুয়া ডি সিলভা। তবে বল হাতে পেয়েও সেটি ধরে রাখতে পারেননি সাদমান ইসলাম।
বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। পঞ্চম ওভারে তাসকিন আহমেদের প্রথম বলটি ছিল ফুলার লেন্থের। মিডউইকেটে ফ্লিক করার চেষ্টা করেছিলেন ব্রেন্ডন কিং। কিন্তু বল ভেতরের দিকে বাঁক খেয়ে ব্যাটসম্যানকে ফাঁকি দিয়ে সরাসরি আঘাত করে স্টাম্পে।
১৮ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন কিং। তাঁর বিদায়ে ১৩ রানে প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা।
এরপর মাত্র এক রানের ব্যবধানে উইকেট হারান ওয়ানডাউনে নামা কাভেম হজও। পরের ওভারে হাসান মাহমুদের করা একটি ইনসুইং অফ স্টাম্পের ওপর দিয়ে গেলে সেটি ছেড়ে দেন তিনি। এক বল পর একইভাবে আরেকটি ডেলিভারি ছেড়ে দেওয়ার চেষ্টা করেন হজ। কিন্তু এবার বল স্কিড করে তাঁর মিডল স্টাম্পের বেলে আঘাত হানে। ফলে মাত্র ১ রান করেই ফিরতে হয় তাঁকে।
এদিকে, সিলেট টেস্টে একাদশে দুটি করে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় ক্যারিবীয়দের ওপেনার জনাথন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল এই টেস্টে খেলছেন না। তাঁদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা এবং অভিষেক হয়েছে কেভিন উইকহ্যামের।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮