
আরিফ আহমেদ,
বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাটে প্রায় চার বছর ধরে ঝুলে থাকা ‘স্বাগতম বাকেরগঞ্জ উপজেলা’ লেখা বিতর্কিত সাইনবোর্ডটি সরিয়ে সঠিক স্থানে স্থাপনের নির্দেশ দিয়েছেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি জানার পর তিনি এ নির্দেশ দেন। সঠিক স্থান নির্ধারণ করা সম্ভব না হলে সাইনবোর্ডটি পুরোপুরি অপসারণেরও নির্দেশ দিয়েছেন তিনি।
স্থানীয়দের দাবি, তালুকদার হাটের ওই স্থানটি বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। অথচ সেখানে ‘স্বাগতম বাকেরগঞ্জ উপজেলা’ লেখা সাইনবোর্ড থাকায় দীর্ঘদিন ধরে সীমানা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
এর আগে ২০২৩ সালে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর তৎকালীন জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের নির্দেশে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনে সাইনবোর্ডটি ভুল জায়গায় স্থাপিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয় এবং এটি সরিয়ে নিতে জেলা পরিষদকে জানানো হয়েছিল।
জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান জানান, এর আগে তাকে বিষয়টি জানানো হয়নি। প্রায় চার বছর ধরে সাইনবোর্ডটি একই স্থানে থাকার ঘটনায় বিস্ময় প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
স্থানীয়দের দাবি, সাইনবোর্ড অপসারণের পাশাপাশি সরকারি নথি ও প্রয়োজনীয় জরিপের মাধ্যমে দুই উপজেলার প্রকৃত সীমানা স্পষ্টভাবে চিহ্নিত করা প্রয়োজন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮