প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৬, ২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৬, ১২:৫৮ পি.এম
তবারক না পাওয়া অপেক্ষমাণ শিক্ষার্থীদের ১০০ টাকা দিলেন চবি উপাচার্য

সজল চন্দ্র রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব ও অনন্য মানবিক দৃষ্টান্ত। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথমবারের মতো এমন এক ঘটনা ঘটল, যা শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে পুরো ক্যাম্পাসজুড়েই এখন প্রশংসায় ভাসছে।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর এক বিশেষ দোয়া ও তোবারক বিতরণের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাহফিল শেষে তোবারক বিতরণের সময় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশাসনের আগাম প্রস্তুতি অনুযায়ী প্রায় ১,১০০ জন শিক্ষার্থীর জন্য তোবারকের ব্যবস্থা করা হয়েছিল। তবে শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া ও বিপুল উপস্থিতির কারণে সেই হিসাব ছাড়িয়ে যায়। তোবারক বিতরণ শেষ হয়ে গেলেও দেখা যায় তখনও প্রায় চার থেকে ৫০০ জন শিক্ষার্থী তোবারক না পেয়ে সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন।
সাধারণত যেকোনো বড় আয়োজনে খাবার বা তোবারক ফুরিয়ে গেলে আমন্ত্রিতদের খালি হাতে ফিরে যাওয়াই স্বাভাবিক নিয়ম। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান শিক্ষার্থীদের এভাবে খালি হাতে ফিরিয়ে দিতে চাননি। মাহফিলে শিক্ষার্থীদের অপ্রাপ্তি ও মন খারাপের বিষয়টি অনুধাবন করে উপাচার্য তাৎক্ষণিকভাবে এক নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করেন।
তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দেন, মাহফিলে এসে আজ কোনো শিক্ষার্থীই খালি হাতে ফিরে যাবেন না। তোবারক না পাওয়া শিক্ষার্থীদের সম্মান জানাতে ও তাদের মুখে হাসি ফোটাতে তিনি তাৎক্ষণিকভাবে অবশিষ্ট প্রায় চার-পাঁচশো শিক্ষার্থীর প্রত্যেককে তোবারকের সমমূল্য হিসেবে নগদ ১০০ টাকা করে দেওয়ার নির্দেশ দেন এবং অনুষ্ঠানস্থলেই নিজ তদারকিতে তা বণ্টন করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বহু বছরের ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম। তোবারক ফুরিয়ে যাওয়ার পর শিক্ষার্থীদের হাত খালি না রেখে নগদ অর্থ দিয়ে তাদের সম্মান জানানোর এই মানবিক পদক্ষেপ ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থীর মন জয় করে নিয়েছে। শিক্ষার্থীরা জানান, তোবারকের প্যাকেট কিংবা নগদ ১০০ টাকা পাওয়ার চেয়েও প্রশাসনের এই অভিভাবকতুল্য ভালোবাসা ও চমৎকার সিদ্ধান্তটি তাদের কাছে অনেক বড় পাওয়া। শিক্ষক-শিক্ষার্থীর এই নিবিড় বন্ধন ও চবি প্রশাসনের তাৎক্ষণিক দূরদর্শিতার গল্পটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মৃতির পাতায় এক উজ্জ্বল ও মানবিক ইতিহাস হয়ে থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২