প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ১২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৯:০৫ পি.এম
ঢাকা-১৯ আসনে জমজমাট লড়াই, ভোটের অপেক্ষায় ভোটাররা

মোঃ আসিফুজ্জামান আসিফ
দীর্ঘদিন ধরেই এ অঞ্চলটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এখান থেকেই দুইবার সংসদ সদস্য হয়েছেন ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু যিনি এবারও ধানের শীষের প্রার্থী।
অন্যদিকে জামায়াতের সমর্থনে ১১ দলীয় জোটের প্রার্থী হয়েছেন এনসিপির দিলশানা পারুল (শাপলা কলি)।
এ ছাড়া অন্য প্রার্থীরা হচ্ছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী, জাতীয় পার্টির বাহাদুর ইসলাম, গণঅধিকার পরিষদের শেখ শওকত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফারুক খান, ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারী এবং বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী মো. কামরুল।
এই আসনে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু জনসমর্থনে অনেকটা এগিয়ে আছেন। অপরদিকে জামায়াত নিজেদের প্রার্থী প্রত্যাহার করে এনসিপির প্রার্থী দিলশানা পারুলকে সমর্থন দিলেও মাঠপর্যায়ে তিনি এখনও ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাতে পারেননি।
এ ছাড়া এই আসনে লাঙ্গল মার্কা নিয়ে মাঠে রয়েছেন জাতীয় পার্টির বাহাদুর ইসলাম ইমতিয়াজ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম মার্কা নিয়ে মো. ইসরাফিল হোসেন সাভারী, গণঅধিকার পরিষদের ট্রাক মার্কা নিয়ে শেখ শওকত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কা নিয়ে মোহাম্মদ ফারুক খান, বাংলাদেশ মুসলিম লীগের হারিকেন মার্কা নিয়ে মো. কামরুল। তবে তাদের প্রচার তেমন একটা চোখে পড়ছে না।
যুবদল নেতা আরিফুর রহমান বলেন, তফসিল ও মার্কা দেওয়ার পর থেকে আমরা উঠান বৈঠক ও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করছি। যদি সুষ্ঠু ভোট হয় তা হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। তাদের একটাই কথা, বিগত সরকারের আমলে ভোট দিতে পারি নাই, তাই এবার সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।
নতুন ভোটার শবনম ইসলাম কনা বলেন, জীবনের প্রথম ভোট দেব। বুঝেশুনে চিন্তা করে দেব। জামগড়া এলাকায় পোশাক কারখানার নারী শ্রমিক আয়েশা আক্তার বলেন, আমার বাড়ি রংপুরে। চাকরি করার সুবাদে ঢাকা-১৯ আসনের ভোটার আমি। ভোট নিয়ে আগ্রহের কমতি নেই। আমাদের বড় সমস্যা রাস্তাঘাটে পানি জমে থাকা। কেউ এই সমস্যার সমধান করে না। যে সমাধান করতে পারবে তাকেই ভোট দেব। সবাই কথা দিলেও পাস করার পর কথা রাখে না।
সর্বশেষ নির্বাচনী প্রচারণা বেশ জমে ওঠায় ঢাকা - ১৯ আসনের ভোটাররা অপেক্ষায় রয়েছে আগামী ১২ তারিখ নির্বাচনে কে হবেন তাদের অভিভাবক।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২