চঞ্চল,
রাজধানীর চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের সভাকক্ষে লালমনিরহাট জেলা সমিতি, ঢাকা’র নবগঠিত কার্যকরী পরিষদের (২০২৬-২০২৭) এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নবগঠিত পরিষদের আগামী দুই বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ এবং ঢাকার মাটিতে লালমনিরহাটের মানুষের ঐক্য ও ভাতৃত্ববোধকে আরও সুসংহত করা। সভায় লালমনিরহাট জেলার সার্বিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে একটি বিশদ প্রস্তাবনা উপস্থাপন করা হয়, যেখানে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে সমিতির কার্যকর ভূমিকার ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সমিতির প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, এমপি মাদক ও অপরাধ দমনে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। মাদকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণার বিষয়ে মন্ত্রী বলেন, "আমাদের জেলা একটি সীমান্তবর্তী এলাকা, যার কারণে এখানে প্রচুর মাদকের প্রবেশ ঘটে এবং আমাদের যুবসমাজ আজ ধ্বংসের পথে। আমি স্পষ্ট করে বলে দিয়েছি, আগামী ১৮০ দিনের মধ্যে লালমনিরহাট জেলাকে মাদক ও ক্যাসিনো মুক্ত করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কোনো ছাড় না দিয়ে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে"।
অনুষ্ঠানে মন্ত্রী জেলার উন্নয়নে তার সুনির্দিষ্ট পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, "আমরা দায়িত্ব বুঝে নেওয়ার পর থেকেই অস্থির হওয়ার কিছু নেই। আমি প্রতিটি সরকারি বিভাগকে ১৮০ দিনের একটি লক্ষ্যমাত্রা দিয়েছি। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও আইন-শৃঙ্খলার উন্নয়নে কী কী কাজ হবে, তার একটি প্রতিবেদন বা বুকলেট শীঘ্রই জনগণের সামনে প্রকাশ করা হবে। বিমানবন্দর চালু, ফোর লেন সড়ক এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছি"।
বক্তব্যের শুরুতে তিনি জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "গত ফেব্রুয়ারি মাসের ১২ তারিখের নির্বাচনে লালমনিরহাটের তিনটি আসনেই ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা আমাকে ‘ইঞ্জিন’ হিসেবে রেখেছেন এবং সাথে দুটি ‘বগি’ (অন্য দুই সংসদ সদস্য) দিয়েছেন, এই আস্থার প্রতিদান আমি উন্নয়নের মাধ্যমেই দেব"।
সমিতির সভাপতি ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুলতানা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা সমিতির পৃষ্ঠপোষক ও লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং লালমনিরহাট-২
(আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দীন বাবুল। সাধারণ সম্পাদক এম. এ. হানিফ
লালমনিরহাটের সার্বিক উন্নয়নে সমিতির পক্ষ থেকে একটি বিশদ প্রস্তাবনা পেশ করেন এবং সাংগঠনিক সম্পাদক আনোয়ার কবির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮