
চঞ্চল,
রাজধানী ঢাকার মিডফোর্ড এলাকায় এক ব্যবসায়ীকে নৃশংসভাবে পাথর নিক্ষেপ করে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, লালমনিরহাট জেলা শাখা।
এই হত্যাকাণ্ডের পাশাপাশি সারা দেশে চাঁদাবাজি, খুন ও অরাজকতা বৃদ্ধির প্রতিবাদে শনিবার বিকেলে জেলা শহরে পৃথক পৃথক কর্মসূচিতে সোচ্চার হয় সংগঠন দুটি।
বিকেলে শহরের মিশনমোড় চত্বরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। এর আগে, সংগঠনের নেতা-কর্মীরা শহরের রেলওয়ে স্টেশন থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশনমোড়ে এসে সমাবেশে মিলিত হয়। প্রায় একই সময়ে, একই স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মানববন্ধন করে হত্যার ঘটনার প্রতিবাদ জানায়।
সমাবেশে বক্তব্য প্রদানকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমনিরহাট জেলা সভাপতি হাফেজ আজহারুল ইসলাম বলেন, "প্রকাশ্য দিবালোকে রাজধানীতে একজন ব্যবসায়ীকে হত্যা করা দেশের আইনশৃঙ্খলার চরম অবনতির প্রমাণ। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।" বক্তারা আরও বলেন, দেশজুড়ে সাধারণ মানুষ খুন, ধর্ষণ এবং চাঁদাবাজির মতো অপরাধের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে, অথচ অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রমজান গাজী ও ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি শফিউল্লাহ মাহমুদি।
অন্যদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধনে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল হোসাইন এবং সদস্য সচিব হামিদুর রহমান। তারা জানান, চলমান অরাজকতা ও মব সংস্কৃতি নিয়ন্ত্রণ না করতে পারলে দেশে কেউ নিরাপদ বোধ করবেন। সরকার অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিবে এই আশাবাদ ব্যক্ত করেন তারা।
উভয় সংগঠনই দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮