এম জালাল উদ্দীন, খুলনা জেলা প্রতিনিধি,
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রোধে খুলনার পাইকগাছা পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। সপ্তাহব্যাপী এ অভিযানে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন ড্রেন, নালা ও মশার প্রজননস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
সোমবার (৩১ আগস্ট) থেকে রবিবার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত পর্যায়ক্রমে পৌর এলাকার বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় স্থানে মশক নিধন কার্যক্রমও চালানো হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ এবং পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন ওয়ার্ডের অপরিচ্ছন্ন ও মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ড্রেন ও নালা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার উপদ্রব কমাতে প্রয়োজনীয় স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
পাইকগাছা পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে সপ্তাহব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
পৌরসভার এ উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা জানান, শুধু পৌর কর্তৃপক্ষের উদ্যোগে নয়, ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকেও সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, নালা ও আশপাশের স্থানে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮