স্পোর্টস ডেস্ক,
লিওনেল মেসি আবারও আর্জেন্টিনার মাটিতে খেলতে নামছেন। সাবেক সতীর্থ কার্লোস তেভেজের বিদায়ি ম্যাচে অংশ নেবেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। আগামী ২০ ডিসেম্বর বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। গোল ডটকম জানিয়েছে, তেভেজ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
‘এল আপাচে’ নামে পরিচিত তেভেজ পাঁচ বছর আগে পেশাদার ফুটবল থেকে অবসর নেন। ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সাবেক এই ফরোয়ার্ডের আনুষ্ঠানিক বিদায়ি ম্যাচ নানা কারণে এত দিন আয়োজন করা সম্ভব হয়নি। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
মেসির অংশগ্রহণের খবরে ম্যাচটি ঘিরে আগ্রহ আরও বেড়েছে। ২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকায় আর্জেন্টিনার আক্রমণভাগে একসঙ্গে খেলেছিলেন মেসি ও তেভেজ। দীর্ঘ সময় পর আবারও তাঁদের একসঙ্গে মাঠে দেখার সুযোগ পাবেন সমর্থকেরা।
বোকার সমর্থকদের কাছে মেসির উপস্থিতি আয়োজনটিকে বিশেষ মর্যাদা দেবে। আর্জেন্টিনার মাটিতে ফুটবল জার্সিতে মেসিকে দেখার সুযোগ এখন বিরল। ফলে লা বোম্বোনেরায় তাঁর উপস্থিতি ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
তবে ম্যাচটির মূল উদ্দেশ্য তেভেজকে সম্মান জানানো। বোকা জুনিয়র্সের হয়ে কয়েক দফায় খেলেছেন তিনি। ক্লাবটির হয়ে জিতেছেন কোপা লিবের্তাদোরেসসহ একাধিক শিরোপা। বোকা সমর্থকদের কাছে আধুনিক সময়ের অন্যতম প্রিয় মুখ তেভেজ।
পেশাদার ফুটবল ছাড়ার পর কোচিংয়ে যুক্ত হয়েছেন তিনি। বিদায়ি ম্যাচটি হবে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের স্মৃতিচারণের বিশেষ উপলক্ষ। টিআইসি স্পোর্টসের বরাতে গোল ডটকম জানিয়েছে, ডিসেম্বরের এই আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে। দুই আর্জেন্টাইন কিংবদন্তিকে একই মাঠে দেখতে টিকিটের চাহিদাও ব্যাপক হতে পারে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮