বিজয় চৌধুরী, ঢাকা,
ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি-ডে ২০২৬’ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
ক্যাম্পাসের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি ক্যাম্পাসে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে ১০টি সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সুবিধা উন্নয়নের লক্ষ্যে ১৯টি আধুনিক হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করা হয়। এর অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজে দুটি নতুন ছাত্রী হোস্টেল নির্মাণের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হলে তিনি প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।
পরে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। সভায় চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, গবেষণা এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো গড়ে তোলার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়।
ডিএমসি-ডে ২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮