মোঃ সাগর ইসলাম,
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-এর দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও হরিপুর সীমান্তবর্তী এলাকায় রাতব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৪০ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে।
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সীমান্ত সুরক্ষা ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ৯ নভেম্বর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়নের অধীনস্থ চান্দুরিয়া এবং গোবিন্দপুর বিওপি’র একটি দল পীরগঞ্জ ও হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪০ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করে।
উদ্ধারকৃত এসব নিষিদ্ধ সিরাপের আনুমানিক সিজার মূল্য ৭২,০০০ বাহাত্তর হাজার টাকা।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির তৎপরতা কেবল নিয়মিত টহলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং গোয়েন্দা তথ্যনির্ভর পরিকল্পিত অভিযানও অব্যাহত রয়েছে। সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে অপরাধীদের প্রতিটি তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উদ্ধারকৃত মালামাল জব্দের ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান জোরদার করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮