দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডেনমার্কভিত্তিক টার্মিনাল অপারেটর এপিএম টার্মিনালস ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
আমির খসরু বলেন, লালদিয়া টার্মিনাল শুধু চট্টগ্রাম বা বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আঞ্চলিক বন্দরগুলোও প্রয়োজন অনুযায়ী এ টার্মিনালের কনটেইনার হ্যান্ডলিং সুবিধা ব্যবহার করতে পারবে।
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার প্রসঙ্গে তিনি বলেন, বাণিজ্যিক রাজধানী ঘোষণা করে তৈরি করা যায় না, বরং বিভিন্ন প্রকল্প ও বিনিয়োগের মাধ্যমে এটি স্বাভাবিকভাবেই গড়ে ওঠে। চট্টগ্রামে আরও বড় প্রকল্প ও বিদেশি বিনিয়োগ আসলে শহরটি সত্যিকারের বাণিজ্যিক রাজধানীর রূপ নেবে।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার ব্যবসা ও বিনিয়োগবান্ধব। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামো ধীরে ধীরে শক্তিশালী করার চেষ্টা চলছে। বিদেশি বিনিয়োগের গতি এবং বেসরকারি খাতের অংশগ্রহণ অব্যাহত থাকলে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নেওয়ার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য রয়েছে বলেও জানান আমির খসরু।
এপিএম টার্মিনালসের প্রধান নির্বাহী কর্মকর্তা রমেশ ডেভিড জানান, লালদিয়া টার্মিনালে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এখানে থাকবে ৭টি শিপ-টু-শোর গ্যান্ট্রি ক্রেন, ৩২টি ইলেকট্রিক রাবার-টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন এবং ৪১টি ইলেকট্রিক টার্মিনাল ট্র্যাক্টর।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান বলেন, দেশের ৯২ শতাংশ আমদানি-রপ্তানি এবং ৯৮ শতাংশের বেশি কনটেইনার হ্যান্ডলিং চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। আগামী ১০ বছরে বন্দরের কনটেইনার হ্যান্ডলিং দ্বিগুণ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলমসহ নৌপরিবহণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এপিএম টার্মিনালস এবং ডেনমার্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলমসহ অতিথিরা লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮