আন্তর্জাতিক ডেস্ক,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তার বর্তমান মেয়াদের সবচেয়ে নিচের পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ট্রাম্পের কাজের প্রতি সমর্থন করছেন মাত্র ৩৩ শতাংশ মার্কিন নাগরিক। বিপরীতে ৬৪ শতাংশ মানুষ তার কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন।
চলতি মাসের শুরুতে ট্রাম্পের প্রতি সমর্থনের হার ছিল ৩৫ শতাংশ। ফলে অল্প সময়ের ব্যবধানেই তার জনপ্রিয়তা আরও কমেছে। ২০১৭ সালের ডিসেম্বরের পর এটিই ট্রাম্পের সর্বনিম্ন সমর্থনের হার।
জরিপে দেখা গেছে, ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং এর প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি ও পেট্রোলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে ট্রাম্পের জনপ্রিয়তায়ও।
ট্রাম্প এর আগে দ্রুত যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, সংঘাতটি দীর্ঘস্থায়ী হবে। মাত্র এক-পঞ্চমাংশ মানুষ মনে করেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য কোনো সুফল বয়ে আনছে।
এদিকে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান শিবিরেও চাপ বাড়ছে। অর্থনীতি সামলানোর সক্ষমতার প্রশ্নে দীর্ঘ সময় পর ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন রিপাবলিকানদের চেয়ে বেশি দেখা যাচ্ছে।
অভিবাসন নীতিতেও রিপাবলিকানদের জনসমর্থন আগের তুলনায় কমেছে। ফলে মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের জনপ্রিয়তা এবং রিপাবলিকানদের নির্বাচনি অবস্থান—দুটিই চ্যালেঞ্জের মুখে পড়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮