আন্তর্জাতিক ডেস্ক,
ইসরাইলের ২৬তম নেসেট (পার্লামেন্ট) নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রত্যাশার চেয়ে ভালো ফল করার পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, প্রকাশ্যে সমর্থন জানানোর পরই নির্বাচনের পরিস্থিতি বদলে যায় এবং বড় ধরনের পরাজয়ের ঝুঁকি এড়াতে সক্ষম হন নেতানিয়াহু।
বুধবার (২৮ অক্টোবর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে রাজনৈতিক বিশ্লেষক আরভিং সি. শয়ার্টজের বক্তব্য উদ্ধৃত করেন ট্রাম্প। সেখানে বলা হয়, ট্রাম্প নেতানিয়াহুকে সমর্থন জানানোর পর নির্বাচনের গতিপথ পাল্টে যায়। এতে নেতানিয়াহুর জয় বা অন্তত প্রতিদ্বন্দ্বিতায় সমতায় থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।
ট্রাম্প বলেন, তাঁর সমর্থনের পরই এই পরিবর্তন এসেছে। মধ্যপ্রাচ্য, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কল্যাণের কথা বিবেচনা করেই তিনি নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছেন।
পরে এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেও একই দাবি করেন ট্রাম্প। তাঁর ভাষ্য, বুথফেরত জরিপের পূর্বাভাসের তুলনায় নেতানিয়াহুর দল ভালো ফল করেছে। ট্রাম্পের মতে, তাঁর সমর্থনের বার্তা নেতানিয়াহুকে নির্বাচনী লড়াইয়ে উল্লেখযোগ্যভাবে সহায়তা করেছে।
নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ট্রাম্পের প্রকাশ্য সমর্থন নেতানিয়াহু শিবিরে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এই সমর্থন ইসরাইলের জটিল জোট সরকার গঠনের সমীকরণে কতটা প্রভাব ফেলবে, তা চূড়ান্ত ফলাফল ও পরবর্তী রাজনৈতিক আলোচনার ওপর নির্ভর করবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮