নুর মোহাম্মদ কক্সবাজার।।
কক্সবাজারের নাফ নদীর ওপারে মিয়ানমারে ফের গোলাগুলির শব্দে সীমান্তে বসবাসকারীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
সোমবার-২৬ ফেব্রুয়ারি-সকালে হোয়াইক্ষ্যং ইউনিয়নের উনচিপ্রাং সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল ও গোলাগুলির বিকট শব্দ শোনা যাচ্ছে।
হোয়াইক্ষ্যং উনছিপ্রাং এলাকার চিংড়ি ঘের মালিক বক্কর জানান, সকাল ১০টার পর থেকে আবারও গোলাগুলির শব্দ ভেসে আসছে বাংলাদেশের সীমান্তে। এটি মিয়ানমারের কুমিরখালী এলাকা থেকে মর্টারশেল ও গুলাগুলির শব্দ হচ্ছে। আমরা আগুনের ধোঁয়াও দেখতে পাচ্ছি।
স্থানীয় কয়েকজন সীমান্ত এলাকায় বসবাসকারী জানান, কয়েকদিন ধরে টেকনাফ ও উখিয়া উপজেলার সীমান্তে কোনো ধরনের গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। তবে সোমবার ২৬ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে মর্টারশেলের বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকা। ফলে আবারও সীমান্তে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী জানান, কয়েকদিন ধরে সীমান্তে গোলাগুলির শব্দ শোনা না গেলেও আবারও মর্টারশেল ও গুলির শব্দ শোনা যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে সীমান্তের বাসিন্দারা।

























